মাদারগঞ্জ

ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণে হাতেনাতে ধরা-স্বতন্ত্র প্রার্থীর তিন কর্মীর কারাদণ্ড

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র ‘কাপ-পিরিচ’ প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের অভিযোগে প্রার্থীর তিন কর্মীকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার চরগোলাবাড়ী দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ‘কাপ-পিরিচ’ প্রতীকের পক্ষে ভোটারদের টাকা বিতরণ করা হচ্ছে-এমন তথ্য পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে যান।

সেখানে একটি বাড়িতে সন্দেহজনকভাবে অবস্থানরত তিন ব্যক্তিকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তারা ভোটারদের কাছে নগদ অর্থ বিতরণ করছিলেন।

আটককৃতরা হলেন-মেলান্দহ উপজেলার সবিলাপুর গ্রামের জালাল উদ্দিন আকন্দের ছেলে জাহাঙ্গীর আলম (৬৫), একই উপজেলার চরসগুনা গ্রামের আব্দুস আজিজের ছেলে মো. জহুরুল ইসলাম (৫৮) এবং একই এলাকার মৃত হারুনুর রশীদের ছেলে মেহেদী হাসান (২৫)।

স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান সোহাগ জানান- তারা তিনজনকে একটি বাড়িতে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে খোঁজ নেন। পরে নিশ্চিত হন যে, তারা স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র ‘কাপ-পিরিচ’ প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।

খবর পেয়ে ফাঁড়ি থানার ইনচার্জ জিয়াউল ইসলাম, মাদারগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা, বিজিবি এবং মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঞা ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে বকশিগঞ্জের সিভিল জজ ও জামালপুর-৩ আসনের ম্যাজিস্ট্রেট আরিফ হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নির্বাচনী আচরণবিধি ২০২৬-এর ৪ ধারায় দোষী সাব্যস্ত করে আটক তিনজনকে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button