রংধনু ও তাজসহ ৪টি ইফতার সামগ্রীর দোকানে জরিমানা
শফিকুল ইসলাম, জামালপুর: জামালপুরে স্বনামধন্য রংধনু ও তাজসহ ৪টি ইফতার সামগ্রীর দোকানে অভিযান পরিচালনা করে দুইটি মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মারশাল হোসেন অভি যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
বুধবার বিকালে শহরের তলমালতলা মোড় থেকে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান শুরু হয়।
অভিযানের সময় তমালতলা এলাকার তাজ ক্যাফে, রংধনু রেস্টুরেন্টসহ বিভিন্ন ইফতার সামগ্রীর দোকানে বেসন, সয়াবিন তেল, জিলাপি, দইসহ ইফতার তৈরির বিভিন্ন কাঁচামাল পরীক্ষা ও পরিদর্শন করা হয়। এ সময় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে খাদ্যে ক্ষতিকর উপাদানের উপস্থিতি পরীক্ষা করা হয়। পরীক্ষা ও পরিদর্শন শেষে তাজ ক্যাফে ও রংধনু রেস্টুরেন্টের রান্না ঘরে বেগুনি বানানোর বেগুনে পোকা পাওয়ায় তাজ ক্যাফেকে ২০ হাজার টাকা ও রংধনু রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে শহরের ফৌজদারি মোড়ে দুইটি অস্থায়ী ইফতার সামগ্রীর দোকানে খাবার ঢেকে না রাখার কারণে প্রত্যেক দোকান মালিককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা জরিমানা করা হয়।
এ ছাড়াও অস্থায়ী দুধের বাজার পরিদর্শন করে দুধ পরীক্ষা করা হয়।
পুরো রমজান মাসজুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম।




