মেলান্দহ

জামায়াতের নির্বাচনী মঞ্চে বক্তব্য দিয়ে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি ছাত্রশিবির সভাপতি

মোঃ মিরাজুল ইসলাম, জাবিপ্রবি: ​জামালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদানের মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখার সভাপতি হাফেজ মো. মামুনুর রশিদ।

​রবিবার (১ ফেব্রুয়ারি) শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তাকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে পরিচয় করিয়ে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। এতে তার পরিচয় প্রকাশ্যে আসে।

এই সমাবেশে দেওয়া বক্তব্যে জাবিপ্রবি শিবির সভাপতি বিগত সরকারের সমালোচনা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

​হাফেজ মো. মামুনুর রশিদ বলেন- ‘‘গত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে হাজারো শিক্ষার্থীর রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা ৫ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু দুঃখের বিষয়, এই স্বাধীনতাকে ধূলিসাৎ করতে একটি গোষ্ঠী টেন্ডারবাজি, চাঁদাবাজি ও শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টির মাধ্যমে নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হওয়ার অপচেষ্টা চালাচ্ছে।’’

​বিশ্ববিদ্যালয় ও শিক্ষাঙ্গনে আধিপত্য বিস্তারের অভিযোগ এনে তিনি আরও বলেন- ‘‘আমরা ৫ আগস্টের পর দেখেছি, একটি বিশেষ গোষ্ঠীর হাতে ১৩০ জন নিরীহ মানুষ খুন হয়েছে এবং ৬৩ জন মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন। তারা শিক্ষাপ্রতিষ্ঠানে এবং ছাত্র সংসদ নির্বাচনে নোংরা হস্তক্ষেপের মাধ্যমে পলাতক ফ্যাসিস্ট হাসিনার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চায়। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, নতুন করে কেউ স্বৈরাচার হতে চাইলে ছাত্র-জনতা তা রুখে দেবে।’’

​বক্তব্যের শেষ পর্যায়ে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করে জামালপুরের উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণের আহ্বান জানান।

প্রকাশ্যে আসা জাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. মামুনুর রশিদ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। এছাড়া সংগঠনটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহাদ আহমদ।

Related Articles

Back to top button