বালিকা বিদ্যালয়ে দিনভর পিঠা উৎসব
মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।
সকাল থেকেই উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। বাহারি পিঠার পসরা সাজিয়ে স্টল নিয়ে বসে শিক্ষার্থীরা। তাদের নিপুণ হাতে তৈরি রকমারি পিঠা যেমন দৃষ্টি কেড়েছে দর্শনার্থীদের, তেমনি স্বাদেও ছিল অতুলনীয়।
উৎসবে শিক্ষার্থীদের স্টলগুলোতে ঠাঁই পায় হৃদহরণ, ডিম সুন্দরী, বিবিখানা, চালতাপাতা, জামাই পিঠা, গোলাপ পিঠা ও মালপোয়া। এ ছাড়া বাঙালির চিরচেনা তালের পিঠা, দুধপুলি, ভাপা, চিতই, নকশি পিঠা, মুগপাকন, পাটিসাপটা ও লবঙ্গ লতিকাসহ অসংখ্য পদের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়।
দশম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া সুলতানা নূপুর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন- “পিঠা উৎসব আমাদের শেকড়ের ঐতিহ্য। প্রতি বছর আমরা এই আয়োজনের অপেক্ষায় থাকি। এবার আমাদের স্টলে আমরা নিজ হাতে বানানো ২৪ রকমের পিঠা এনেছি। সুন্দর এই সুযোগ করে দেওয়ার জন্য শিক্ষকদের ধন্যবাদ জানাই।
পিঠা উৎসব পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই, উপজেলা আইসিটি অফিসার খাইরুল বাশার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক আব্দুল্লাহ মাহবুব তানভী ও আজিম উদ্দিন খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন- “শিক্ষার্থীদের মাঝে বাংলার ঐতিহ্যকে ছড়িয়ে দিতেই এই আয়োজন। দিনব্যাপী এই উৎসবে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থী ও শিক্ষক সবাই মিলে আজ দারুণ আনন্দ করেছেন “
উৎসবে শুধু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীই নন, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও ভিড় জমান। হরেক রকমের পিঠার ঘ্রাণ আর শিক্ষার্থীদের কলকাকলিতে সারা দিন উৎসবমুখর ছিল বিদ্যালয় প্রাঙ্গণ।




