মাদারগঞ্জরাজনীতি

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করা শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর এক নির্বাচনী জনসভায় উপজেলা আমির মাওলানা নুরুল আমিনের হাত ধরে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

এর আগে শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণঅধিকার পরিষদের দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ থেকে সরে আসাসহ বিভিন্ন অভিযোগ তুলে জামালপুরের মেলান্দহ উপজেলার সদস্য সচিবসহ দলটির শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে ছিলেন-জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি আল আমিন মণ্ডল, মেলান্দহ উপজেলা শাখার সদস্য সচিব শাহীন আলম, যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মণ্ডল, মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির এবং মাদারগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম হিরা। তাঁদের নেতৃত্বে জেলা, উপজেলা ও বিভিন্ন সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেন। এ তালিকায় প্রবাসী অধিকার পরিষদের নেতাকর্মীরাও রয়েছেন।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন বলেন- “গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী আজ আমাদের দলে যোগদান করেছেন। আমরা তাঁদের ফুল দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি।”

Related Articles

Back to top button