মেলান্দহমাদারগঞ্জ

মিছিলে ড্রোন ব্যবহার করায় স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

এম আর সাইফুল, মাদারগঞ্জ: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী (শুভ)-কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নোটিশে আগামী ০৫ ফেব্রুয়ারী সকাল ১১টায় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার জামালপুরের বকশীগঞ্জের সিভিল জজ ও জামালপুর-৩ (মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলা) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য আরিফ হোসাইন এ নোটিশ জারি করেন।

এতে  উল্লেখ করা হয়, নোটিশটি দ্রুততম সময়ের মধ্যে জারি করে জারির প্রতিবেদন অতি সত্বর নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে প্রেরণের জন্য মেলান্দহ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে নোটিশের অনুলিপি বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব, জামালপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনের উপসচিব (আইন), জামালপুরের পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার, মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রেরণ করা হয়েছে।

নোটিশে বলা হয়, আপনাকে জানানো যাচ্ছে যে, আপনি সাদিকুর রহমান সিদ্দিকী (শুভ) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা-১৪০ জামালপুর-৩ (মাদারগঞ্জ ও মেলান্দহ) এর একজন সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী। বিগত ৩০.০১.২০২৬ খ্রিঃ তারিখ দুপুর ২:৩০ টার সময় মাদারগঞ্জ উপজেলার মাদারগঞ্জ হাওয়াই নামক রোডে আপনি আপনার কাপ-পিরিচ” প্রতীকের সমর্থনে একটি নির্বাচনী প্রচার মিছিল করেছেন। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, নির্বাচনি এলাকা-১৪০, জামালপুর-৩ এর নিকট আসা অভিযোগ ও তৎসংশ্লিষ্ট একটি ভিডিও ক্লিপ যাচাই অস্তে দেখা যায় যে আপনি উক্ত মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করেছেন যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৯ (চ) এর সুস্পষ্ট লঙ্ঘন।

উল্লেখ্য যে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৯ (চ) তে বলা হয়েছে, কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোন ব্যক্তি- নির্বাচনী প্রচারণা ও ভোটগ্রহণের সময় কোন প্রকার ড্রোন, কোয়াডকপ্টার বা এইরূপ যন্ত্র ব্যবহার করিতে পারবে না। এমতাবস্থায় বর্ণিত অভিযোগের বিষয়ে কেন আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না সেই বিষয়ে আপনাকে আগামী ০৫.০২.২৬ খ্রি. তারিখ সকাল ১১:০০ টায় নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন- “নোটিশের কপি পাওয়ার সঙ্গে সঙ্গেই আদেশ জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Related Articles

Back to top button