বকশীগঞ্জ

বকশীগঞ্জে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ৫৩ কেন্দ্রে কাল ভোটগ্রহণ

মতিন রহমান,বকশীগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বকশীগঞ্জ উপজেলার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন।

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ৫৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর প্রশাসন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে- এবার উপজেলার মোট ৫৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে ভোটারদের জন্য মোট ৩৪৮টি ভোটকক্ষ বা বুথ প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য ৫৩ জন প্রিজাইডিং অফিসারসহ প্রয়োজনীয় সংখ্যক সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ শেষ হয়েছে।

নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের পাশাপাশি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। এ ছাড়া র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স মাঠে টহল দেবে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন রোধে মাঠে সক্রিয় থাকবেন ৪ জন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

নিলাক্ষিয়া ও মেরুরচর ইউনিয়নের সব কয়টি কেন্দ্র এবং বকশীগঞ্জ পৌরসভার সরকারি কে.ইউ কলেজ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

এবারের নির্বাচনে বকশীগঞ্জ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৯৮ হাজার ৪৮ জন। এর মধ্যে: নারী ভোটার: ৯৭ হাজার ২৭২ জন, পুরুষ ভোটার: ৯৬ হাজার ৭৭৫ জন, তৃতীয় লিঙ্গ: ১ জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আবদুল হাই বলেন, আমরা একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সম্পূর্ণ প্রস্তুত। ভোটাররা যাতে নির্ভয়ে এবং নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আবির হাসানও সুষ্ঠু ভোটগ্রহণের বিষয়ে অভয় দিয়েছেন। স্থানীয় ভোটারদের মধ্যেও নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। এখন কেবল ভোট শুরুর অপেক্ষা।

Related Articles

Back to top button