কাঁচাবাজারে ভ্রাম্যমান আদালত, চার মামলায় ১৬ হাজার টাকা জরিমানা
মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম): পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে রৌমারী উপজেলা সদর কাঁচাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার ১৮ ফেব্রুয়ারী বিকালের দিকে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন।
অভিযান চলাকালে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত এবং গরুর মাংস নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে চারটি মামলায় মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন বলেন- রমজানে সাধারণ মানুষ যাতে স্বস্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সে জন্য বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। কেউ কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত দাম আদায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




