নামিবিয়াকে হারিয়ে শেষ দল হিসেবে সুপার এইটে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক :
গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ দল হিসেবে সুপার এইটে উঠলো পাকিস্তান।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মুখোমুখি হয় নামিবিয়া-পাকিস্তান।
টসে জিতে ব্যাট করতে নামে সালমান আলী আগার দল। ভারতের বিপক্ষে সুবিধা না করলেও এম্যাচে ব্যাট হাতে দারুণ ছন্দে ফেরেন ওপেনার সাহিবজাদা ফারহান। দুর্দান্ত ব্যাটিংয়ে ৫৮ বলে তুলে নেন অপরাজিত সেঞ্চুরি। আরেক ব্যাটার শাদাব খানের ২২ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংসে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৯৯।
২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে নামিবিয়া। তবে ৩২ রানে প্রথম উইকেটের পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। পাকিস্তানি বোলারদের স্পিন জাদুতে ৯৭ রানেই শেষ হয় নামিবিয়ার ইনিংস।
৪ উইকেট শিকার করেন উসমান তারিক । অলরাউন্ডার শাদাব খান নেন ৩ উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন সালমান মির্জা ও মোহাম্মাদ নাওয়াজ।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি করে ম্যাচসেরার পুরস্কার পান পাকিস্তানি ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান।




