৫৩ মাদ্রাসা ও এতিমখানায় সৌদির খেজুর বিতরণ
সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহে সৌদি সরকারের উপহার হিসেবে আসা প্যাকেটজাত খেজুর বিভিন্ন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা খেজুর বিতরণের উদ্বোধন করেন। এরপর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় হতে উপজেলার ৫৩ টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকদের হাতে এসব খেজুর তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যৌতি, কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুরুল কবির মন্জু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মো. রাসেলসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে প্রস্তুত তালিকা অনুযায়ী উপজেলার ৫৩ টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খেজুর গুলো বিতরণ করা হয়। জেলা হতে প্রাপ্ত বরাদ্দ অনুযায়ী ২৯টি কার্টুনে মোট ২৩২ প্যাকেট খেজুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন- “পবিত্র রমজান মাসে সৌদি আরবের পক্ষ থেকে উপহার পাওয়া এসব খেজুর উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হচ্ছে। রমজান মাসে এসব খেজুর মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের ইফতারে সহায়ক হবে।”




