৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন মিল্লাত
এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদনে গতি ফেরাতে এবং জলাবদ্ধতা নিরসনে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলার পশ্চিম পলিশা মোড় থেকে দুধিয়াগাছা পর্যন্ত এই খনন কাজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম এ রশিদুজজামান মিল্লাত।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন-“বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এই খালটি পুনঃখনন করা হলে অত্র অঞ্চলের কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে। কৃষকরা সেচ সুবিধা পাবেন এবং ফসলের ফলন বৃদ্ধি পাবে।”
সোমবার বিকালে উপজেলার আদার ভিটা ইউনিয়নের পশ্চিম পলিশা মোড়ে এই পুনঃখনন কাজের উদাহরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। জামালপুরের জেলা প্রশাসক ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারগঞ্জ উপজেলা প্রশাসক সুমন চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন আহমদ এবং সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।
এদিকে, খালের সুফল নিশ্চিত করতে খনন কাজ শুরুর আগেই সব ধরনের অবৈধ দখল উচ্ছেদের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, খালের জায়গা দখলমুক্ত না করলে খনন কাজের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হতে পারে। প্রশাসন এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেছে।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




