মেলান্দহ

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চুরির অভিযোগ: তদন্তে মিলেছে সত্যতা

স্টাফ রিপোর্টার: জামালপুরের মেলান্দহ উপজেলায় আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে চুরির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

অভিযুক্ত মোঃ জাকির হোসেন জেকে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

জানা যায়- গত ৩০ মার্চ রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার ভাংগুনী ডাংগা গ্রামে আব্দুল কুদ্দুসের বাড়িতে একটি চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় ৫ এপ্রিল ভুক্তভোগীর স্ত্রী পিপাসা মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ থেকে জানা গেছে- আব্দুল কুদ্দুস পরিবারসহ জামালপুর শহরে বসবাস করলেও গ্রামের বাড়িতে তার মা ও অন্যান্য স্বজনরা থাকেন। ঘটনার রাতে জাকির হোসেনকে বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে তিনি চুরি সংঘটিত করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে চুরি করা শাড়ি একই এলাকার শহীদের স্ত্রী নাছিমার কাছে বিক্রি করা হয়।

এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশী বসালে নাছিমা চুরির মালামাল কেনার বিষয়টি স্বীকার করেন এবং অভিযোগের সত্যতা উঠে আসে। স্থানীয়রা জাকিরের ভয়ে সরাসরি পদক্ষেপ নিতে সাহস না পেয়ে ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ করতে পরামর্শ দেন।

ভুক্তভোগী পিপাসা বলেন- “আমি তিল তিল করে মেয়ের জন্য গহনা ও প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেছি। সব কিছু চুরি হয়ে গেছে। আমি এর সঠিক বিচার চাই।”

ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত মোঃ জাকির হোসেন জেকে। এই বিষয়ে জানতে মঙ্গলবার সকালে তার ব্যবহৃত মোবাইল ফোনের শেষে ৪৩ নাম্বারে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায় এবং সন্ধ্যায় ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) জোর্তিময় সরকার জানান- অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তদন্তে চুরির সত্যতা পাওয়া গেছে। নাছিমা চুরির মালামাল কেনার বিষয়টি স্বীকার করেছেন। অভিযুক্ত জাকিরের বিরুদ্ধে পূর্বেও চুরির অভিযোগ রয়েছে এবং তাকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Related Articles

Back to top button