এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুর-৩ আসনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমানিত হওয়ায় বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জামালপুর-৩ সংসদীয় আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং বকশীগঞ্জ সিভিল জজ আদালতের সিভিল জজ আরিফ হোসাইন এই আদেশ দেন।
অনুসন্ধান কমিটি থেকে জানা যায়- গত ৬ ফেব্রুয়ারি স্বতন্ত্র এমপি প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী মাদাগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং জাকির হোসাইন নামে একজন ব্যক্তি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথক অভিযোগ জমা দেন। অভিযোগ বলা হয়- বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় রঙ্গিন পোস্টার ব্যবহার করছেন। এতে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হয়েছে।
এমন অভিযোগের প্রেক্ষিতে ১০ ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলকে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং বকশীগঞ্জ সিভিল জজ আদালতের সিভিল জজ আরিফ হোসাইন।
আদালত থেকে জানা যায়- সকালে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের পরেও অভিযোগ প্রমানিত হওয়ায় বিএনপির প্রার্থী বাবুলকে ৫ হাজার টাকা অর্থদন্ড করে আদালত। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় আদালাত।




