শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তা, মাদারগঞ্জে প্রস্তুত প্রশাসন
এম আর সাইফুল, মাদারগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে বইছে নির্বাচনী হাওয়া। ভোটগ্রহণ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন তাদের সর্বাত্মক প্রস্তুতি শেষ করেছে।
মাদারগঞ্জ উপজেলার ৬২টি ভোটকেন্দ্র এখন ভোটারদের বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত।
নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬২টি কেন্দ্রের মধ্যে ৪২টিকে ঝুঁকিপূর্ণ এবং তার মধ্যে ১৬টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ২০টি কেন্দ্রকে সাধারণ হিসেবে ধরা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকছেন ১ শত ৪০ জন পুলিশ সদস্য, ৩২জন বিজিবি, ৮০ জন সেনা বাহিনী, ও ৭ জন র্যাব এবং ১২ জন আনসার ব্যাটেলিয়ান। তারা স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে কাজ করবেন। ৮০৬ জন আনসার ও ভিডিপি সদস্য ভোটকেন্দ্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। এছাড়াও বিশেষ টিম হিসেবে সহকারী রিটার্নিং অফিসার এবং সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে দুটি পৃথক স্ট্রাইকিং ফোর্সসহ মোট ৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবে। প্রযুক্তির ব্যবহারে এবার বাড়তি জোর দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য বডি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিক পর্যবেক্ষণ করা যায়।
সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য বিশাল এক কর্মীবাহিনী নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৬২ জন প্রিজাইডিং অফিসার, ১৮৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৮৬৪ জন পোলিং অফিসার তাদের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মাদারগঞ্জ উপজেলায় মোট ভোটার- ২ লাখ ৩৯ হাজার ৮১৭ জন। তারমধ্যে নারী ভোটার ১ লাখ ১৫ হাজার ৫৭৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ২৩৭ জন এবং হিজড়া ভোটার ৩ জন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, “ভোটাররা যেন নির্ভয়ে এবং আনন্দমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য আমরা বদ্ধপরিকর। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো কমতি রাখা হয়নি। আমরা সবার সহযোগিতা কামনা করছি।”




