জামালপুর

মালচিং প্রযুক্তিতে কম খরচে বেশি লাভ পাচ্ছে কৃষক 

হৃদয় আহম্মেদ শাওন,জামালপুর: জামালপুর জেলায় সবজি চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে জলবায়ু সহিষ্ণু মালচিং প্রযুক্তি। আধুনিক এই পদ্ধতিতে চাষাবাদ করে কম খরচে বেশি উৎপাদন পাওয়ায় জেলার কৃষকদের মধ্যে দিন দিন বাড়ছে আগ্রহ।

সবজি চাষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পোকামাকড়, আগাছা ও সেচ খরচ। মালচিং পদ্ধতিতে জমির উপর বিশেষ মালচিং পেপার বিছিয়ে চাষ করা হয়, যা মাটির আর্দ্রতা ধরে রাখে, আগাছা দমন করে এবং সার ও পানির সঠিক ব্যবহার নিশ্চিত করে। ফলে কমে যায় সেচ ও বালাইনাশকের খরচ, বাড়ে ফলন।

জামালপুর সদর উপজেলার কৃষক নূর সালাম প্রথমবারের মতো ১০ শতাংশ জমিতে টমেটো চাষ করে পেয়েছেন চমকপ্রদ সাফল্য।

তিনি জানান- আগে প্রচলিত পদ্ধতিতে চাষ করলেও গত দুই বছর ধরে মালচিং প্রযুক্তি ব্যবহার করে ফলন বেড়েছে উল্লেখযোগ্যভাবে। কম খরচে বেশি লাভ হওয়ায় তিনি এখন আত্মবিশ্বাসী। আশেপাশের কৃষকরাও তার ক্ষেত দেখে উদ্বুদ্ধ হচ্ছেন এবং পরামর্শ নিতে আসছেন।

বিজনেস ডিভোলপমেন্ট অফিসার শ্যামল কুমার দাস বলেন-‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মালচিং প্রযুক্তি হতে পারে টেকসই সমাধান। এতে যেমন উৎপাদন খরচ কমে, তেমনি মাটির স্বাস্থ্যও ভালো থাকে।’

আধুনিক প্রযুক্তির ব্যবহারে বদলে যাচ্ছে জামালপুরের কৃষি চিত্র। মালচিং পদ্ধতির সফল প্রয়োগে এখন অনেক কৃষকের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

Related Articles

Back to top button