জামালপুরপ্রধান খবররাজনীতি

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন এম রশিদুজ্জামান মিল্লাত

মতিন রহমান: বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন জামালপুরের কৃতি সন্তান ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আলহাজ্ব এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাঁকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তাঁর নির্বাচনী এলাকা জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) সহ পুরো জেলায় আনন্দের বন্যা বয়ে যায়। বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন। স্থানীয়দের মতে, মিল্লাতের এই নিয়োগ জামালপুরের সামগ্রিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।

শপথ গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত প্রতিমন্ত্রী বলেন-‘দেশ ও জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতকে আধুনিক এবং বিশ্বমানের করে গড়ে তুলতে আমি নিরলসভাবে কাজ করে যাব। তিনি তাঁর ওপর আস্থা রাখায় সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৭৩ হাজার ৬৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাজমুল হক সাঈদী পেয়েছেন ৯৭ হাজার ৮২০ ভোট। ৭৫ হাজার ৮৩৬ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হওয়ার পর জাতীয় পর্যায়ে তাঁর এই মূল্যায়নকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Related Articles

Back to top button