স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ চিকিৎসকের যোগদান, ৪ জনই বকশীগঞ্জের সন্তান
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট নিরসনে ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নতুন করে আটজন চিকিৎসক যোগদান করেছেন।
বৃহস্পতিবার দুপুরে তারা আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগ দেন। তবে এই আটজন চিকিৎসকের মধ্যে চারজনই বকশীগঞ্জ উপজেলার সন্তান।
হাসপাতাল থেকে জানা গেছে- ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এই চিকিৎসকেরা আজ যোগদান করেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রেজাউল ইসলাম। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সরকারি হাসপাতালে আসা সাধারণ রোগীদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা হলেন: ডা. রাসেল মাহমুদ, সহকারী সার্জন (মেডিসিন), ডা. এস. এম. আলকাস তাহমিদ, সহকারী সার্জন (সার্জারি), ডা. জেরিয়াতুল হাফসা জেরিন, সহকারী সার্জন (গাইনি অ্যান্ড অবস), ডা. মো. ইসমাইল হোসেন, সহকারী সার্জন (অফথালমোলজি), ডা. মোহাম্মদ তামিম, সহকারী সার্জন (অর্থোপেডিকস ও ট্রমাটোলজি), ডা. তানজিনা জান্নাত তিথী, সহকারী সার্জন (পেডিয়াট্রিক্স), ডা. মাহমুদা আক্তার, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, ডা. ফাতেমা তুজ জাহরা, ইমার্জেন্সি মেডিকেল অফিসার।
নব যোগদানকৃত চিকিৎসক ডা. মোহাম্মদ তামিম বলেন, “আমি এই এলাকারই সন্তান। নিজ জন্মভুমির মানুষের সেবা করার সুযোগ পাওয়াটা আমার জন্য গর্বের। আমি বকশীগঞ্জবাসীকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করবো।”




