সারাদেশ

শেরপুর-৩ আসনে জামায়াতের মনোনয়ন পেলেন মৃত প্রার্থীর ছোট ভাই মাসুদ

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মারা যাওয়ায় বাতিল হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন দলের মৃত প্রার্থী নুরুজ্জামান বাদলের সহোদর ছোট ভাই মাসুদুর রহমান মাসুদ।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের সহকারী জেনারেল সেক্রেটারি গোলাম কিবরিয়া । মাসুদুর রহমান জেলা জামায়াতের ব্যবসায়িক শাখার সাংগঠনিক সম্পাদক।

মাসুদুর রহমান একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। অবসরের পর থেকে তিনি এলাকায় ব্যবসার পাশাপাশি বড় ভাই নুরুজ্জামান বাদলের হাত ধরে জামায়াতের রাজনীতিতে সক্রিয় হন। বাতিল হওয়া নির্বাচনে বড়ভাইয়ের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মাঠেও ছিলেন তৎপর। প্রার্থীর মৃত্যুর পর তার আবেগতাড়িত বক্তব্যসহ নানা উদ্যোগে তিনি সবার আলোচনায় উঠে আসেন।

জেলা জামায়াতের সহকারী জেনারেল সেক্রেটারি গোলাম কিবরিয়া জানান- জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও তৃণমূলের মতামতের ভিত্তিতে শেরপুর-৩ আসনে নুরুজ্জামান বাদলের সহোদর ছোট ভাই মাসুদুর রহমান মাসুদের নাম সংসদ সদস্য প্রার্থী হিসেবে কেন্দ্রে পাঠানো হয়। পরে কেন্দ্র থেকে তার মনোনয়ন দেওয়া হয়েছে।

গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় এ আসনের নির্বাচন প্রথমে স্থগিত ও পরে বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর আগামী ৯ এপ্রিল নির্বাচনে ভোট গ্রহণের দিন ধার্য করে নতুন করে তফসিল ঘোষণা করা হয়। তবে প্রয়োজন না থাকায় এ আসনে গণভোট হবে না।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২ মার্চ রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ৫ মার্চ। বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৬-১০ মার্চ। আপিল নিষ্পত্তির তারিখ ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। আর প্রতীক বরাদ্দের তারিখ ১৫ মার্চ। তবে আগের বৈধ প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।

Related Articles

Back to top button