স্বাধীনতা দিবসে জামায়াতে ইসলামীর আলোচনা সভা
হৃদয় আহম্মেদ,জামালপুর: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বস্তরের মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে জামালপুর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয় সরদার পাড়া ট্রাস্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আব্দুল সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট মজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল সাত্তার বলেন, “স্বাধীনতা অর্জন করা সহজ হলেও স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত কঠিন কাজ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে আমাদের সদা জাগ্রত থাকতে হবে।”
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর প্রতিটি কর্মী দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে। দেশ ও জাতির স্বার্থে কোনো ধরনের আপস করা হবে না। নিজেদের অন্যায় থেকে বিরত থাকার পাশাপাশি সমাজ থেকে অন্যায় দূর করতে সংগঠনটি দৃঢ় ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি অ্যাডভোকেট মজিবুর রহমান কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে তরুণ প্রজন্ম ও রাজনৈতিক কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে শহর শাখার আমির আল ইলমান সুজনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দেশ ও জাতির মঙ্গল কামনা করে তাদের বক্তব্য শেষ করেন।




