বকশীগঞ্জ

লাউচাপড়াকে অন্যতম বিনোদন কেন্দ্র করার ঘোষণা প্রতিমন্ত্রী মিল্লাতের

ম‌তিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার উদ্যোগে ‘ঈদুত্তর পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে স্থানীয় বকশীগঞ্জ এন.এম উচ্চ বিদ্যালয় মাঠে এই মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কোষাধক্ষ্য এম রশিদুজ্জামান মিল্লাত এম.পি. বলেন- “আল্লাহ’র রহমতে আমি যদি সুস্থ থাকি, তাহলে আপনাদের চাহিদার চেয়েও বেশি উন্নয়নমূলক কাজ হবে ইনশাআল্লাহ। আগামী তিন থেকে চার মাসের মধ্যে লাউচাপড়া বিনোদন কেন্দ্রের আধুনিকায়নের কাজ শুরু হবে। এটিকে দেশের অন্যতম সেরা বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।”

দীর্ঘদিন পর আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন বকশীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী। ঈদ পরবর্তী এই আনন্দ ভাগাভাগি করতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

নেতা-কর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন- আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় তিনি উপস্থিত সকলের কাছে নিজের সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।

পুনর্মিলনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button