সারাদেশ

জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ র‌্যাবের হাতে একজন আটক

স্টাফ রিপোর্টার: শেরপুরে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ মোঃ মুর্শিদুল হক(৩৩) নামে একজনকে আটক করেছে র‍্যাব-১৪।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে জামালপুরে র‍্যাব-১৪ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহম্মেদ।

এসময় মেজর লাবিব আহম্মেদ জানান- শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকার দুলাল মিয়ার নির্মাণাধীন ভবনের ৭ম তলায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র জাল টাকা তৈরি করে বিভিন্ন বাজারে সরবরাহ করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে মুরশিদুল হক নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬ হাজার ৮০০ টাকার জাল নোট, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ১টি মনিটর, ৩টি প্রিন্টার, ১টি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

মেজর লাবিদ আহম্মেদ বলেন- “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছে যে, সে ১ লাখ টাকার জাল নোটের বিপরীতে ৩০ হাজার টাকা গ্রহণ করেন। এই জালিয়াতির সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন থাকায় এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”

লাবিদ আহম্মেদ আরো বলেন- প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবৈধ অর্থের লেনদেন রোধে জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং র‍্যাবও এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে।

Related Articles

Back to top button