গোয়ালঘর থেকে ফারদিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুর ইসলামপুরে ফারদিন সেখ নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) ভোরে উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম মুন্নিয়াচর এলাকায় তার বাড়ির গোয়ালঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৩ বছর বয়সী ফারদিন সেখ পশ্চিম মুন্নিয়াচর এলাকার মো: শাহজাহানের ছেলে।
মুন্নিয়াচর এলাকার সাবেক ইউপি সদস্য ও যুবদল নেতা আফসার উদ্দিন আকন্দ জানান- ফাঁদ পেতে কবুতর ধরাকে কেন্দ্র করে রাতে ফারদিনসহ দুইজনকে শাসন করা হয়। এরপর ফারদিন বাড়ি ফিরে। পরে আমরা জানতে পারি যে- গোয়ালঘরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।
ফারদিনের মা ফরিদা বেগম জানান- ফারদিনের পেটের ব্যাথা ছিলো, তীব্র ব্যাথা সইতে না পেরে সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করতে পারে।
এবিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান- পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হবে বলেও জানান তিনি।




