আউশ আবাদে উৎসাহিত করতে ১২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ১ হাজার ২৫০ জন কৃষকের হাতে এই বীজ ও সার তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি (ড্যাপ) এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। এ সময় তিনি বলেন, “আউশ ধানের উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের পাশে রয়েছে। সঠিক সময়ে এই বীজ ও সার ব্যবহারের মাধ্যমে কৃষকরা লাভবান হবেন বলে আমরা আশা করছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) এ এল এম রেজুয়ান।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স এবং উপসহকারী কৃষি কর্মকর্তা রকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা কৃষি বিভাগ জানায়- আউশ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রতি বছরই এ ধরনের প্রণোদনা দেওয়া হয়। সঠিক তদারকির মাধ্যমে যেন প্রকৃত কৃষকরা এর সুফল পান, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।




