ইসলামপুররাজনীতি

দস্তখত করে পরে না মানা চলবে না, এনসিপিকে কড়া বার্তা নজরুল ইসলাম খানের

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন- জুলাই জাতীয় সনদে সব রাজনৈতিক দল স্বাক্ষর করার পর সেটি না মানার সুযোগ নেই। তিনি বলেন, “আমরা সবাই মিলে একত্র হয়ে একটা ডকুমেন্টে দস্তখত করলাম, দস্তখত করে পরে না মানা চলবে না।”

শুক্রবার (০৮ মে) সন্ধ্যায় ইসলামপুর উপজেলা অডিটোরিয়াম এ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন- এনসিপির নেতা নাহিদ ইসলাম বলেছেন সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে এবং সংস্কার প্রস্তাব অনুমোদন হয়নি বলে মন্তব্য করেছেন। এ বিষয়ে তিনি বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ও সব রাজনৈতিক দলের উপস্থিতিতে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা হয়েছে। প্রথম দিকে এনসিপি স্বাক্ষর না করলেও পরে তারাও এতে যুক্ত হয়।

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হলে জাতীয় সংসদে বিল উপস্থাপন করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় তা অনুমোদন করতে হবে। একটি বিল পাসের জন্য আইন মন্ত্রণালয়ে খসড়া প্রণয়ন, সংসদে উপস্থাপন, স্থায়ী কমিটিতে পাঠানো ও পর্যালোচনার মতো বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি হওয়া শতাধিক অধ্যাদেশ সংসদে অনুমোদনের জন্য আসায় সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে সময় লেগেছে। নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন না হলে অধ্যাদেশ বাতিল হয়ে যাওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতাও রয়েছে।

নজরুল ইসলাম খান বলেন, “সংসদ সদস্যরা যদি সংসদীয় নিয়ম ও আইন না বুঝতে চান, তাহলে সেটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হবে।” তিনি বলেন, বিএনপি কোনো হুমকিতে বিচলিত নয় এবং দলটির যথেষ্ট জনসমর্থন রয়েছে। একই সঙ্গে তিনি সবাইকে ধৈর্য ধরে বিষয়টি বোঝার ও সহযোগিতা করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতানা মাহমুদ বাবু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এতে বক্তব্য দেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান।

Related Articles

Back to top button