ঢাকায় পাঠানোর পথে ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ: ৫ জনের কারাদণ্ড
জাহাঙ্গীর আলম,জামালপুর: ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে জামালপুরে প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৩ আগস্ট) দুপুরে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে নরুন্দি চকবাজার এলাকায় যাত্রাবাড়ী গামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ১৩টি বস্তায় রাখা বিপুল পরিমাণ এই ঘোড়ার মাংস উদ্ধার করা হয়। সদর উপজেলার মিরাপুর ঘাট এলাকা থেকে মাংসগুলো ঢাকায় নেওয়া হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ঢাকার বিভিন্ন হোটেলে মানুষের খাবারের জন্য সরবরাহের উদ্দেশ্যেই পাঠানো হচ্ছিল।
রোববার দুপুরে জামালপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমন হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটকদের সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন জুয়েল, শহীদ মিয়া, আফজাল মিয়া, হুমায়ুন ও রাসেল মিয়া। এদের মধ্যে মূল হোতা তিনজনকে ছয় মাস এবং পিকআপের চালক ও হেলপারকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের মোট ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হক জানান- দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র এ ধরনের ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তাদের ধরতে বিভিন্ন সময়ে অভিযান চালানো হয়েছে, তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এবার গোপন সংবাদের ভিত্তিতে মাংসের এই বড় চালানসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে। এই মাংসের উৎস কোথায় এবং চক্রটির সঙ্গে আরও কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।




