সারাদেশ

দুই মাস পর সচল শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: ভারতের মেঘালয়ে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও সড়ক ধসে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ভারত থেকে পাথরবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে বন্দরটির কার্যক্রম সচল হয়। এতে কর্মহীন হয়ে পড়া শত শত শ্রমিকের মাঝে স্বস্তি ফিরেছে।

বন্দর ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, ভারতের মেঘালয় রাজ্যের ডালু-তুরা জাতীয় মহাসড়কের অবস্থা দীর্ঘদিন ধরেই নাজুক ছিল। সম্প্রতি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়কের বিভিন্ন স্থানে ধস নামায় ভারী যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় নিরাপত্তার কথা বিবেচনা করে ভারতের ডালু এলাকার ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্টরা গত ১২ জুন থেকে বাংলাদেশমুখী পণ্যবাহী ট্রাক পাঠানো বন্ধ করে দেন। ফলে ১৯ আগস্ট পর্যন্ত নাকুগাঁও স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যত বন্ধ থাকে।

দীর্ঘদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বন্দর কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে চরম স্থবিরতা দেখা দেয়। আমদানিকারক, পরিবহন শ্রমিক ও পাথর শ্রমিকসহ বন্দরের সঙ্গে জড়িত অসংখ্য মানুষ এ সময় কর্মহীন হয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে ভারত থেকে পাথরবাহী ৩৭টি ট্রাক বন্দরে প্রবেশ করলে সবার মাঝে আশার সঞ্চার হয়। পাথর ও কয়লা আমদানি পুনরায় শুরু হওয়ায় ব্যবসা-বাণিজ্যে আবারও গতি ফিরবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রথম দিনেই ৩৭টি ট্রাক এসেছে। এখন থেকে নিয়মিত পাথর আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বন্দরের রাজস্ব আয় প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল জানিয়ে নাকুগাঁও স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক জাহিদুল ইসলাম বলেন, ভারতের অংশে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় প্রায় দুই মাস পাথর ও কয়লাবাহী কোনো ট্রাক বন্দরে আসতে পারেনি। তবে বৃহস্পতিবার থেকে ট্রাক প্রবেশ করায় বন্দরের কার্যক্রম আবারও স্বাভাবিক হচ্ছে।

Related Articles

Back to top button