১ হাজার পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর সলই মন্ডলপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- বকশীগঞ্জ উপজেলার জানকিপুর সলিমন্ডলপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে মোঃ আরিফ হোসেন (৩০) ও তার স্ত্রী রহিমা বেগম ওরফে রহিতন (২৫) এবং কক্সবাজারের রামু থানার জুয়াইনালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি হাসপাতাল পাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মান্নান (৪২)।
থানা পুলিশ থেকে জানা গেছে- বকশীগঞ্জ থানা এলাকায় মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জানকিপুর সলই মন্ডলপাড়া এলাকায় মাদকের একটি বড় চালান হাতবদল হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ থানা পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয় এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা রুজুর পর শনিবার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বকশীগঞ্জ থানা পুলিশের এই ‘জিরো টলারেন্স’ নীতি এবং চিরুনি অভিযান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।




