বকশীগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নূর মুহাম্মদ উচ্চ বিদ্যালয় ও শ্রেষ্ঠ শিক্ষক মহসীনা
মতিন রহমান, বকশীগঞ্জ: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে বকশীগঞ্জ নূর মুহাম্মদ উচ্চ বিদ্যালয়। একই সঙ্গে এই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মহসীনা পারভিন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা লাভ করেছেন।
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, পঠন-পাঠনের মান ও সহ-শিক্ষা কার্যক্রমে অনন্য সফলতার স্বীকৃতিস্বরূপ বিদ্যালয় এবং সংশ্লিষ্ট শিক্ষককে এই জোড়া সম্মাননা দেওয়া হয়। একই প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের এই দ্বৈত গৌরবে এলাকার অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় সচেতন মহলের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।
প্রতিষ্ঠানটির এই অনন্য সাফল্যে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বকশীগঞ্জ নূর মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ বলেন-“যেকোনো বড় অর্জনই সম্মিলিত চেষ্টার ফল। আমাদের বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়া এবং আমাদের দক্ষ সহকর্মী মহসীনা পারভিন শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হওয়ার গৌরব অর্জন করা অত্যন্ত আনন্দের ও গর্বের। এই জোড়া সাফল্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সঠিক দিকনির্দেশনা, শিক্ষক-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থীদের অধ্যাবসায় এবং অভিভাবকদের আস্থারই ফসল।
সম্মাননা প্রাপ্তির পর সিনিয়র সহকারী শিক্ষক মহসীনা পারভিন বলেন-“এই পুরস্কার আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। বকশীগঞ্জ নূর মুহাম্মদ উচ্চ বিদ্যালয় সবসময় শিক্ষার্থীদের গুণগত শিক্ষা ও নৈতিক মূল্যবোধ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আগামীতে যেন এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আমরা জেলা ও জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি, সেজন্য আমি সবার সহযোগিতা ও দোয়া চাই।”
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে এই গৌরব অর্জন করায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও জনাব মহসীনা পারভিনকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই অর্জনের মধ্য দিয়ে এলাকায় শিক্ষার গুণগত মান ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে বিদ্যালয়টি আরও অগ্রণী ভূমিকা পালন করবে।



