হিট স্ট্রোকে প্রাণ হারানো আসাদুলের পরিবারকে আর্থিক সহায়তা
মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে রোদে ধান কাটতে গিয়ে তীব্র গরমে হিট স্ট্রোক করে নিহত আসাদুল হকের পরিবার কে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (০৩ জুন) সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিহত আসাদুল হকের স্ত্রী নুরেদা বেগমের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খবিরুজ্জামান খান, পাররামরামপুর ইউপি চেয়ারম্যান জেকে সেলিম মিয়া উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন থেকে জানা গেছে- জামালপুর জেলা প্রসাশকের পক্ষ থেকে নিহত আসাদুলের পরিবার কে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় তাকে আরও নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন- পাররামরামপুর ইউনিয়নে হিট স্ট্রোকে মৃত্যুবরণ করা আসাদুল হকের পরিবারের হাতে জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। তার সন্তানদের লেখাপড়া নিশ্চিতে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগীতা করবে।
গত ০১ জুন পাররামরামপুর ইউনিয়নের পূর্ব ভাতখাওয়া গ্রামে নিজ ক্ষেতের ধান কাটতে গিয়ে তীব্র গরমে হিট স্ট্রোকে নিহত হন আসাদুল হক।




