অবৈধ ৫টি ড্রেজার মেশিন ও ৩৯০০ ফুট পাইপ ধ্বংস
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সিংগীডোবা বিলে পরিচালিত এই অভিযানে পাঁচটি অবৈধ ড্রেজার মেশিন ও প্রায় ৩ হাজার ৯০০ ফুট প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালত থেকে জানা যায়- সিংগীডোবা বিল থেকে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে স্থানীয় কৃষিজমি, সড়ক ও অবকাঠামো হুমকির মুখে পড়ে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচটি ড্রেজার মেশিন ও পাইপলাইনগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে।
অভিযান শেষে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন- “পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে এবং যারা আইন অমান্য করে প্রাকৃতিক সম্পদ লুটপাটের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




