৯০ বোতল ভারতীয় মদসহ আটক ২
মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২০ জুন) বিকেলে বকশীগঞ্জ উপজেলার পাখিমারা এলাকায় জামালপুর-বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রোববার (২১ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সোবহান তালুকদারের ছেলে তাবিবুর রহমান তালুকদার (২৬) এবং পলাশতলা গ্রামের মোখলেস তালুকদারের ছেলে রিদুয়ান বারী তালুকদার (৩০)।
পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১ এর একটি দল ওই এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় মাদক বহনকারী অবস্থায় তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় পাচার করে আসছিল।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন- মাদকমুক্ত জামালপুর গড়তে আমরা নিরলস কাজ করছি। মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। সীমান্ত ব্যবহারকারী অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এ কাজে আমি জনগণের সহযোগিতা চাই।




