আদালত অবমাননার দায়ে নারী চিকিৎসককে ৬ মাসের কারাদন্ড
স্টাফ রিপোর্টার: জামালপুরে বারবার সমন জারি করা সত্ত্বেও ধর্ষণ মামলায় সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় এক চিকিৎসককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪৮৫-এ ধারায় চিকিৎসক সানজিদা ইসলামকে ২৫০ টাকা জরিমানা করেছেন। অনাদায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং সাজা পরোয়না ইস্যুর আদেশ দেয়া হয়।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান- বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার মেডিকেল রিপোর্ট চিকিৎসক সানজিদা ইসলাম জমা দিয়েছিলেন। সমন জারি করা সত্ত্বেও সাক্ষ্য দেওয়ার বিষয়ে আদালতের একাধিক আদেশে তিনি সাড়া দেননি। আদালত ২৯ জুন, ২০২৬ তারিখে তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিল এবং ১ জুলাই, ২০২৬ তারিখে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। তিনি সেই আদেশ অমান্য করায় আদালত এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি জানান।
মামলাটিতে আটজন আসামির মধ্যে একজন কারাগারে আছেন এবং অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।




