যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
স্টাফ রিপোর্টার: জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামী মো. আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর জেলা ও দায়া জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের বাসিন্দা।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানায়- ২০১২ সালের ১১ ডিসেম্বর ১ লাখ টাকা যৌতুকের দাবি করে না পাওয়ায় স্ত্রী ইসমত আরা খানকে গলা টিপে হত্যা করে আনোয়ার হোসেন৷ পরে সেদিনই ভুক্তভোগী নারীর বড় ভাই মজনু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় ৮ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন । পরে মামলার বিচারেরসময় ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের ছয়জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। পরে বিচারক এই রায় ঘোষনা করেন।
অ্যাডভোকেট ফজলুল হক আরো বলেন- মামলায় যৌতুকের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হলেও হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামি আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। আসামি বর্তমানে পলাতক রয়েছেন। জামিনে মুক্ত হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে আছেন।




