মেলান্দহ

পেট্রোল বোঝাই লরি জব্দ: অকটেনে রং মেশানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার: জামালপুরের মেলান্দহে বৈধ কাগজপত্র ছাড়া আনা একটি পেট্রোল বোঝাই লরি জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অকটেনে রং মিশিয়ে বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পাউডার রং, অকটেন ও পেট্রোলের নমুনাও জব্দ করা হয়েছে। তবে জ্বালানিতে ভেজাল রয়েছে কি না, তা পরীক্ষাগারের প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার রাবেয়া স্কুলসংলগ্ন নাংলা রোডের হাসি খুশি এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। এ সময় তেল ব্যবসায়ী মো. আইয়ুবের দোকানের সামনে থাকা পেট্রোল বোঝাই লরিটি জব্দ করে মেলান্দহ থানায় নেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে- পেট্রোলে রং মিশিয়ে তা অকটেন হিসেবে বিক্রির অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দোকান থেকে পাউডার রং, অকটেন ও পেট্রোল জব্দ করা হয়। এসব নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান- নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। অভিযানে একটি পেট্রোল বোঝাই লরি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা জানান- লরিটি কোথা থেকে এসেছে এবং কীভাবে জ্বালানি আনা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্টরা কোনো বৈধ চালান বা প্রয়োজনীয় কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে পারেননি। মালিককে ডাকা হলেও তিনি উপস্থিত হননি।

জিন্নাতুল আরা আরও জানান- জব্দ করা পাউডার রং, অকটেন ও পেট্রোল পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। পরীক্ষায় জ্বালানিতে ভেজাল বা অন্য কোনো অনিয়মের প্রমাণ মিললে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর মালিক বৈধ কাগজপত্র দেখাতে না পারলে জব্দ করা জ্বালানি আইন অনুযায়ী খোলা বাজারে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

Related Articles

Back to top button