বকশীগঞ্জ

মাদক সেবনের দায়ে ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে মো. সাজু মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে পৌর শহরের গোয়ালগাঁও জেলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সাজু মিয়া একই এলাকার উত্তর বাজার জেলখানা রোডের বাসিন্দা আশরাফ আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়- সাজু মিয়া দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত ছিলেন। নেশার কারণে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই উচ্ছৃঙ্খল আচরণ করতেন। পরিবারের এমন অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় গোয়ালগাঁও এলাকায় অভিযান চালানো হয়। সেখানে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযানকালে জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ উপস্থিত ছিলেন। পরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজু মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা তুলে ধরে ইউএনও মুরাদ হোসেন উল্লেখ করেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মাদক বা এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো অপরাধে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”

Related Articles

Back to top button