জামালপুর

ট্রেনের অনলাইন টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্য গ্রেপ্তার: উদ্ধার ৩০টি আসন

জাহাঙ্গীর আলম, জামালপুর: জামালপুরে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে অনলাইন টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে মেলান্দহ রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আন্তঃনগর ট্রেনের ৩০টি আসনের ১০টি অনলাইন টিকিট এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. বিল্লাল (৩০) ও মো. সিরাজুল ইসলাম (৩০)। তারা দুজনই পেশাদার টিকিট কালোবাজারি বলে জানিয়েছে পুলিশ।

রেলওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ স্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ঢাকা-মেলান্দহ রুটের আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের টিকিট জব্দ করা হয়। এর মধ্যে বিল্লালের কাছ থেকে তিস্তা এক্সপ্রেসের ১৮টি আসনের ৭টি টিকিট এবং সিরাজুল ইসলামের কাছ থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ১২টি আসনের ৩টি টিকিট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তারা পরিচিত ব্যক্তিদের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে অনলাইনে অগ্রিম টিকিট সংগ্রহ করতেন। পরে সুযোগ বুঝে স্টেশনের প্ল্যাটফর্ম ও বিভিন্ন স্থানে অবস্থান করে ঢাকাগামী যাত্রীদের কাছে দ্বিগুণ দামে এসব টিকিট বিক্রি করতেন।

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান উল্লেখ করেন, রেলযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে এবং টিকিট কালোবাজারি সম্পূর্ণভাবে বন্ধ করতে রেলওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কালোবাজারিদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Back to top button