মেলান্দহ

ক্রীড়া সামগ্রী বিতরণের মধ্য দিয়ে র‍্যাবের টাউন হল সভা সম্পন্ন

সাকিব আল হাসান নাহিদ,মেলান্দহ: জামালপুরের মেলান্দহে মাদক, কিশোর গ্যাং এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে টাউন হল সভা করেছে র‍্যাব-১৪।

নিরাপদ ও সম্ভাবনাময় ছাত্রসমাজ গড়ে তোলার লক্ষ্যে রোববার দুপুরে উপজেলার উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করে র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর ক্যাম্প)।

আলোচনা ও মতবিনিময় শেষে শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাট, বল ও স্টাম্পসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য বলে আয়োজকেরা জানিয়েছেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাব-১৪-এর জামালপুর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক, মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কবির শ্যামল তালুকদার, সাধারণ সম্পাদক মনজুরুল কবির মনজু, জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ এবং উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার বক্তব্য দেন।

অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা, মাদকমুক্ত সমাজ গঠন, ইভটিজিং প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন দমন ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সাথে অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

কেবল আইন প্রয়োগের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেন বক্তারা। তাঁরা উল্লেখ করেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই কেবল মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। বিশেষ করে শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা যায়।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে র‍্যাব-১৪। পাশাপাশি অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে গোপনে জানাতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Related Articles

Back to top button