ইসলামপুর

হাইড্রোলিক পাম্পে ১০ ইঞ্চি তোলা হলো বলিয়াদহ সেতু

ফিরোজ শাহ, জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যায় দেবে যাওয়া গুরুত্বপূর্ণ বলিয়াদহ-আগারী সেতুটি হাইড্রোলিক পাম্প ও বিশেষ প্রযুক্তি ব্যবহার করে প্রায় ১০ ইঞ্চি উঁচু করা হয়েছে। প্রায় তিন বছর পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে সেতুটির পুনর্বাসন কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।

প্রকল্প সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের (আইডিএ) অর্থায়নে ‘প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস (SupRB)’ প্রকল্পের অধীনে ধর্মকুড়া জিসি থেকে মাহমুদপুর জিসি সড়কের ১১০ মিটার দীর্ঘ এই আরসিসি গার্ডার সেতুর পুনর্বাসন বাস্তবায়িত হচ্ছে। প্রকৌশলী ও শ্রমিকরা নদীর পানির মধ্যেই অস্থায়ী প্ল্যাটফর্ম তৈরি করে ভারী যন্ত্রপাতি এবং হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে ঝুঁকিপূর্ণ অংশটি তোলার কাজ পরিচালনা করছেন।

উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ জানান, ২০০৭ সালে এডিবি-র সহায়তায় প্রায় ৩ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছিল। তবে কয়েক বছর আগের আকস্মিক বন্যায় পানির তীব্র স্রোতে সেতুর একটি পায়ার দেবে গেলে পুরো অবকাঠামো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়।

জামালপুর এলজিইডি-র নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তির সাহায্যে দেবে যাওয়া অংশটিকে আগের অবস্থানে ফিরিয়ে আনা হচ্ছে। সেতুর উভয় পাশে ১৫০ মিটার অ্যাপ্রোচ সড়ক সংস্কারসহ পুরো কাজ সম্পন্ন হলে এটি নিরাপদ যানবাহন চলাচলের উপযোগী হবে এবং স্থানীয় মানুষের দুর্ভোগ ঘুচবে।

এদিকে বলিয়াদহ-আগারী সেতুটি দ্রুত পুরোপুরি চালু করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের ভাষ্য, সেতুটি অঞ্চলের মানুষের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনের প্রধান ভরসা। কাজটি দ্রুত শেষ হলে তাদের দীর্ঘদিনের যাতায়াত কষ্টের অবসান ঘটবে।

Related Articles

Back to top button