গুদামের তালা ভেঙে ২৬ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ
এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ৮৬২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পশ্চিম তারতাপাড়া এলাকার জামাই বাজারে এই অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন থেকে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় রফিকুল ইসলাম বালিস্টরের একটি গুদামে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। অভিযানের সময় অভিযুক্ত রফিকুলকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে গুদামঘরের তালা ভেঙে ৯৩টি বস্তায় রাখা জালগুলো উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৮৬ হাজার টাকা।
জব্দ করা এই জালগুলো বিধি অনুযায়ী ধ্বংস করা হবে বলে উল্লেখ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। মৎস্যসম্পদ রক্ষা ও দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি মন্তব্য করেন। অবৈধ জাল বিক্রি, মজুত বা ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তার ভাষ্য।
অভিযান চলাকালে মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমানসহ পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।




