মুসলিমাবাদে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
শফিকুল ইসলাম,জামালপুর: পিএসসি পরীক্ষায় মেধা তালিকায় বৃত্তি পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে জামালপুর শহরের মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামাজিক সংগঠন ‘সংশপ্তক’ এর সহযোগিতায় বিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দঘন এই অনুষ্ঠানটির আয়োজন করে।
অনুষ্ঠানে ওই বিদ্যালয় থেকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী মোহনা জান্নাত, মুশফিক রহমান, মুশফিক রহমান তুর্জ এবং সাফওয়ার আল জিনকে উৎসাহ জোগাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রকিবুল হোসেন বিদ্যুতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংশপ্তকের উপদেষ্টা অ্যাডভোকেট নবীউর ইসলাম, বিদ্যালয়ের সহসভাপতি রেজাউল করিম কাঞ্জন, হাফিজুর রহমান, অ্যাডভোকেট রহিমা খাতুন, শাজাহান, ইমরান সরকার, আতাউর রহমান সিদ্দিক, শাহ কামালসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন- ছোট ছোট স্বীকৃতি ও সংবর্ধনা শিক্ষার্থীদের জন্য অনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এই ধরনের উদযাপন তাদের ভালো কাজ করতে উৎসাহিত করে এবং আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়।
তারা আরও মন্তব্য করেন- একজন মানুষ তখনই প্রকৃত সুশিক্ষিত হয়, যখন সে কেবল বইয়ের পড়ায় সীমাবদ্ধ না থেকে সমাজ ও পরিবার থেকেও শিক্ষা গ্রহণ করতে পারে। তাই শিক্ষার্থীদের সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে পরিবার ও সমাজকে শিক্ষা গ্রহণের জন্য আরও বেশি উপযোগী করে তোলার প্রতি আহ্বান জানান বক্তারা।




