ভেজাল তেলের কারখানা সিলগালা: মালিককে এক লাখ টাকা জরিমানা
সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহে ভেজাল সরিষার তেল উৎপাদন ও বাজারজাতের দায়ে ‘শশী অয়েল মিল’ নামের একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে পৌরসভার শাহজাতপুর এলাকায় পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠানটির মালিক মো. আলিম উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় এ সময় কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি মজুত থাকা সব ভেজাল তেল ধ্বংস করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম।
দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অবৈধভাবে লোগো ব্যবহার করে ভোজ্যতেল উৎপাদন ও বিক্রি করে আসছিল প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে ইউএনও জিন্নাতুল আরা জানিয়েছেন, কারখানাটির তেল উৎপাদনের কোনো বৈধ কাগজপত্র ছিল না। অভিযানে ভেজালের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিকভাবে মালিককে এক মাসের কারাদণ্ড দেওয়ার বিষয়টি বিবেচনায় ছিল। তবে তিনি হার্টে রিং পরানোর চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র উপস্থাপন করায় মানবিক কারণে কারাদণ্ড দেওয়া হয়নি। এর বদলে জরিমানার পরিমাণ ৫০ হাজার থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে।
তেলের মান নিয়ে সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম তার ভাষ্যে তুলে ধরেন, আগে সংগ্রহ করা নমুনার ল্যাব টেস্টে এই তেলে কোনো স্বীকৃত ভোজ্যতেলের উপস্থিতি পাওয়া যায়নি। সামান্য সরিষার তেলের সঙ্গে বিভিন্ন ক্ষতিকর উপাদান মিশিয়ে তারা ভেজাল তেল তৈরি করছিল। প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র না পাওয়া পর্যন্ত এই কারখানায় কোনো ধরনের উৎপাদন কার্যক্রম চলবে না এবং বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।




