১৫ হাজার মানুষের যাতায়াত সহজ করল ১০০ মিটারের কাঠের সাঁকো
এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর নাদাগাড়ী এলাকায় যাতায়াতের দুর্ভোগ লাঘবে নির্মিত হয়েছে প্রায় ১০০ মিটার (৩০০ ফুট) দীর্ঘ একটি কাঠের সাঁকো।
উপজেলা শহীদ জিয়া পরিষদের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী দুর্জয় মিয়া সাদ্দাম নিজ অর্থায়নে এবং স্থানীয়দের সহযোগিতায় সাঁকোটি নির্মাণ করেছেন। এর ফলে চর নাদাগাড়ীসহ আশপাশের পাঁচটি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হয়েছে।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি বা বন্যার পানিতে রাস্তাটি তলিয়ে যেত। ফলে বছরের অধিকাংশ সময় নৌকায় পারাপার হতে হতো, যা অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের মূল কারণ ছিল। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, মুমূর্ষু রোগী ও কৃষিপণ্য পরিবহনে চরম বিপাকে পড়তে হতো গ্রামবাসীকে। নতুন সাঁকোটি চালু হওয়ায় এখন প্রতিদিনের যাতায়াত যেমন সহজ ও নিরাপদ হয়েছে, তেমনি কমেছে যাতায়াত খরচ।
জনদুর্ভোগ লাঘবের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে দুর্জয় মিয়া সাদ্দাম মন্তব্য করেন, “মানুষের কষ্ট দেখে নিজের সাধ্য অনুযায়ী এই সাঁকোটি নির্মাণ করেছি। এলাকাবাসীও আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। মানুষের উপকারে আসতে পারাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি; ভবিষ্যতেও তাদের কল্যাণে কাজ করে যেতে চাই।”
কাঠের এই সাঁকোটি বর্তমানে যাতায়াতের সুবিধা তৈরি করলেও সমস্যাটির স্থায়ী সমাধানের জন্য সেখানে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।




