জামালপুর

হবিগঞ্জে হামলার প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

বুধবার (২৯ জুলাই) রাতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রায় অর্ধশত নেতাকর্মীর অংশগ্রহণে এই প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়।

শহরের পাঁচ রাস্তা মোড় থেকে শুরু হয়ে মশাল মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি আশেক মাহমুদ কলেজের জুলাই স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা ‘দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘২৪-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে বক্তারা হবিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি নির্বিঘ্নে রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

সেখানে বক্তব্য রাখেন জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম, আমিনুল ইহসান আবিদ সৌরভ, আহাদ ও আরাফাত হোসেন শাকিলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশে আমিনুল ইহসান উল্লেখ করেন, অতীতে বেগম খালেদা জিয়ার বাসা ঘেরাওকারী সন্ত্রাসী বাহিনীই আজ তাদের পথ রোধ করার চেষ্টা করছে। আন্দোলনকারী ছাত্রনেতাদের উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেন, এই জাতি যে আন্দোলনের মধ্য দিয়ে বন্দিদশা থেকে মুক্তির স্বাদ পেয়েছে, তার নেতৃত্ব দিয়েছেন নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহরা। আগামীতে যেখানেই বাধা আসবে, জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তি ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণ তুলনামূলক কম থাকলেও গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচিটি সম্পন্ন হয়।

Related Articles

Back to top button