দেওয়ানগঞ্জ

জিল বাংলা চিনিকল পরিদর্শনে কর্পোরেশন চেয়ারম্যান: সংকট সমাধানের আশ্বাস

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে অবস্থিত জিল বাংলা চিনিকল পরিদর্শন করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ।

শুক্রবার দুপুরে তিনি মিলের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে সবার সমন্বিত শ্রম ও আন্তরিকতার ওপর জোর দিয়েছেন তিনি।

মিলের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জিল বাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌসুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে কর্পোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ তার বক্তব্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, জিল বাংলা চিনিকলকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। এই শিল্পকে এগিয়ে নিতে সরকারও নিরলসভাবে কাজ করছে। মিলের বিদ্যমান সমস্যা ও চাহিদার কথা স্বীকার করে উৎপাদন কার্যক্রম বাড়াতে পর্যায়ক্রমে এসব সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

আখ চাষ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি চিনিকলের উৎপাদন কার্যক্রমে গতিশীলতা আনতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান কর্পোরেশনের চেয়ারম্যান।

সভায় চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব মুজিবুর রহমানও বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন মিলের ব্যবস্থাপক (কৃষি) কাওছার আলী সরকার, ব্যবস্থাপক (প্রশাসন) রকিবুল হক, ব্যবস্থাপক (অর্থ) জিয়া উদ্দিন, ব্যবস্থাপক (কারখানা) খালেদ মাহমুদ এবং ডিজিএম (সম্প্রসারণ) আলাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ জিল বাংলা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের নেতাদের সঙ্গেও আলাদাভাবে মতবিনিময় করেন।

Related Articles

Back to top button