জামালপুর

নতুন প্রজন্মকে কুরআনমুখী করতে হিফযুল কুরআন প্রতিযোগিতা

জাহাঙ্গীর আলম,জামালপুর: জামালপুরে দিনব্যাপী হিফযুল কুরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের কটারবাড়ীস্থ দারুস সুন্নাহ সালাফিয়া মাদরাসা মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সৌদি আরবে অধ্যয়নরত ময়মনসিংহ বিভাগীয় ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ জন বালক-বালিকা অংশ নেয়।

পবিত্র কুরআনের শিক্ষা, সুন্নাহভিত্তিক জীবন গঠন এবং ইসলামী সংস্কৃতির বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে অনুষ্ঠানে আগত বক্তারা উল্লেখ করেন। নতুন প্রজন্মকে কুরআনমুখী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত এমন প্রতিযোগিতার প্রয়োজনীয়তার বিষয়টি তারা তুলে ধরেন।

সকাল ৮টা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় হিফযুল কুরআন, তিলাওয়াত, ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন জ্ঞানভিত্তিক বিষয়ে শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখে। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের পর বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটারবাড়ী দারুস সুন্নাহ সালাফিয়া মাদরাসার অধ্যক্ষ শাইখ ড. শেখ সাদী বিন আব্দুর রশিদ মাদানী। প্রতিযোগিতার উদ্বোধন করেন শাইখ মো. আব্দুল ওয়াহাব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুকী সালাফী এবং প্রধান আলোচক ছিলেন একই সংগঠনের সহসভাপতি শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখ মাসউদুল আলম আল-উমরী, শাইখ মোফাজ্জল হোসেন মাদানী, শাইখ ড. ইব্রাহীম বিন আব্দুল হালিম মাদানী, শাইখ আব্দুন নূর বিন আবু সাঈদ মাদানী, শাইখ নূরুল আলম মাদানী, শাইখ ড. রেজাউল করীম মাদানী, শাইখ আব্দুল লতীফ মাদানী, শাইখ ড. সুলাইমান মাদানী, শাইখ ড. আব্দুল মুমিন মাদানী, শাইখ ড. আব্দুল বাসির বিন নওশাদ মাদানী, শাইখ ড. হারুনুর রশীদ ত্রিশালী মাদানী, শাইখ আব্দুর রহমান মাদানী, শাইখ আব্দুল্লাহীল হাদী, হাফেজ মাহদী হাসান মুহাম্মাদ মাদানী এবং সাবেক চেয়ারম্যান হায়দার রেজা আনামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আলেম ও ইসলামিক স্কলাররা।

পুরো অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন আয়োজক ছাত্র সংসদের সহসভাপতি শাইখ আব্দুল্লাহ আইয়ুব মাদানী এবং সাধারণ সম্পাদক শাইখ মামুনুর রশীদ বিন আব্দুল্লাহ। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button