সরিষাবাড়ী

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ঘিরে প্রেস কনফারেন্স

মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম উল্লেখ করেন, খেলাধুলা যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখে। মাদকমুক্ত সমাজ গঠন এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ সময় তিনি তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান।

প্রেস কনফারেন্স শেষে প্রতিযোগিতাটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শরীরচর্চা শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ বক্তব্য তুলে ধরেন। এ সময় সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর, একাডেমিক সুপারভাইজার রুহুল আমীন বেগ, বিশিষ্ট ক্রীড়াবিদ মকবুল হোসেন এবং স্থানীয় বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button