জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য।
উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে শেরপুর পৌরসভা এবং নালিতাবাড়ী পৌরসভা একাদশ। তবে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলাটি গোলশূন্য ড্র হয়।
আয়োজকেরা জানিয়েছেন, মোট আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম এবং শেরপুর জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সাংবাদিকরা মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে তরুণরা পুনরায় খেলার মাঠমুখী হবে। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে, যাতে তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে।




