বেশি দামে সার বিক্রি করায় বিএডিসি ডিলারকে জরিমানা
এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি সার বিক্রির দায়ে ‘এস এন ট্রেডার্স’ নামের এক বিএডিসি ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া এলাকায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।
প্রশাসন থেকে জানা যায়- কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দামে সার বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে বাজিতেরপাড়া এলাকার ওই নিবন্ধিত ডিলার প্রতিষ্ঠানে ঝটিকা অভিযান চালানো হয়। সেখানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে টিএসপি সার বিক্রির হাতেনাতে প্রমাণ মেলে। পরে ডিলার প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তি মনতাজুর আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করে কৃষকদের ভোগান্তিতে ফেলার কোনো সুযোগ নেই। প্রান্তিক কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এবং আদারভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আলী আকবর মিলিটারি উপস্থিত ছিলেন।




