তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু
এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই কর্মসূচির সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাদারগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয়ভাবে এই অভিযানের সূচনা করা হয়। উপজেলা পরিষদ ও মাদারগঞ্জ পৌরসভা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানান- এখন থেকে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চলবে। কারও বাসাবাড়ি বা অফিস অপরিষ্কার থাকলে অভিযান চালিয়ে জেল ও জরিমানা করা হবে। পাশাপাশি মানুষকে উৎসাহিত করতে মাদারগঞ্জ পৌরসভা ও সাতটি ইউনিয়নের সবচেয়ে পরিষ্কার বাসাবাড়ি ও অফিসকে পুরস্কৃত করা হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে তিনি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এর আগে উদ্বোধনী আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটিয়ে মাঠপর্যায়ের কার্যক্রম শুরু হয়। পাশাপাশি বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন উপস্থিত অতিথিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নাহিদুজ্জামান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




