অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোখলেছুর রহমান মজনু নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১টি ভেকু মেশিন থেকে ২টি ব্যাটারি জব্দ করা হয়েছে।
রোববার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার ফুলকোচা ইউনিয়নের দিলালের পাড়া মৌজার দাঁতভাঙ্গা ব্রিজের নিকট অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি ।
স্থানীয়রা জানান- দীর্ঘদিন ধরে ওই এলাকার দাঁতভাঙা ব্রীজের পাশ থেকে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমির মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি ফসলি জমি ও ব্রীজ ঝুঁকির মুখে পড়ছিল।
এ অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর মোবাইল কোর্ট চলাকালে অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে ওই এলাকার মৃত ছলিমদ্দিনের ছেলে মোখলেছুর রহমান মজনুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত একটি ভেকু মেশিন থেকে দুটি ব্যাটারি জব্দ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।




